বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও দক্ষিণ এশিয়ার দুই প্রধান নেতা উপস্থিত থাকছেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সশরীরে যোগ দিচ্ছেন না অনুষ্ঠানে। তবে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকায় এসে অংশ নেবেন।
তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য সরকার আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি শপথ নেবে।
ভারতের প্রতিনিধিত্ব করবেন ওম বিড়লা
নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। তার পরিবর্তে ভারতের প্রতিনিধি হিসেবে আসবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
পাকিস্তান থেকে আসছেন আহসান ইকবাল
আমন্ত্রণ পেলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। প্রথমে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসার সম্ভাবনার কথা শোনা গেলেও তিনি বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। ফলে পাকিস্তান সরকারের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় আসবেন বলে জানানো হয়েছে। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা উপস্থিত থাকবেন।
আরও অতিথির প্রত্যাশা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আমন্ত্রিতদের তালিকায় বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীরাও রয়েছেন। অনেকেই ইতোমধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার, ১৬ ফেব্রুয়ারির মধ্যে আরও কয়েকজনের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে বলে আশা করা হচ্ছে।
১৩ দেশের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ
নতুন মন্ত্রিসভার শপথে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত ও পাকিস্তানসহ মোট ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
নির্বাচনের ফলাফল
১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির জোটসঙ্গীরা পেয়েছে ৩টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্য শরিকরা অর্জন করেছে ৯টি আসন।







