কুড়িগ্রামের উলিপুরে বেকারত্ব ও মানসিক চাপে ভুগে আবু কালাম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে পরিবারের উদ্দেশে রেখে গেছেন একটি আবেগঘন চিরকুট, যেখানে তিনি লিখেছেন—‘আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও সুখী না, কারণ আমি বেকার’।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার সংলগ্ন গণকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু কালাম ওই এলাকার মোহাম্মদ গোলজার আলীর একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতেই নিজ কক্ষে ঘুমাতে যান কালাম। রাত আনুমানিক ৩টার দিকে সেহরির জন্য তার মা ডাকতে গেলে দীর্ঘ সময় কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান, গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছেন তিনি। দ্রুত তাকে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বেকারত্ব ও মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন আবু কালাম। আত্মহত্যার আগে তিনি পরিবারের উদ্দেশে একটি চিঠি লিখে যান। চিরকুটে তিনি লেখেন—
“প্রিয় পরিবার, আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার পেয়েছি। কিন্তু আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও সুখী না। কারণ আমি বেকার। সারাজীবন শুধু তোমাদের ওপর নির্ভর করেছি, কখনও তোমাদের জন্য কিছু করতে পারিনি। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আমার জন্য দোয়া করিও। আর আমি দোয়া করি, আমার মতো ছেলে যেন কোনো পরিবারে জন্ম না নেয়।”
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।







