ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে আশুলিয়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন এবং ভাঙচুর করা হয়েছে ৬ থেকে ৭টি মোটরসাইকেল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি বকুল ভুঁইয়া এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনির অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। সংঘর্ষের আগে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে তারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের আগে কারখানাটির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার। পরে রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই ব্যবসার নিয়ন্ত্রণ নেন সাবেক ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনি। ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ তীব্র হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







