ময়মনসিংহ নগরীতে ১০ বছর বয়সী এক শিশুকে নিজ বসতঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে কাজল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের নাটকঘর লেন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত কাজল চক্রবর্তী ওই এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র মারফত জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে অভিযুক্ত কাজল চক্রবর্তী শিশুটিকে ফুসলিয়ে তার নির্জন ঘরে নিয়ে যান। বাড়িতে সে সময় কেউ না থাকার সুযোগ নিয়ে তিনি শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তবে অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন এবং উল্টো শিশুটির পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদান করেন।
ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং ক্রমে অসুস্থ হয়ে যায়। গতকাল সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাজল চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।







