বরিশালে এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে অগ্নিদগ্ধ করে হত্যার অপরাধে তার স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
সোমবার (২ মার্চ) দুপুরে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোস্তাক আহমেদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, মামলার অন্য দুই আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামির নাম শহিদ হাওলাদার (৪৭), যিনি জেলার বাকেরগঞ্জ উপজেলার দেউলী গ্রামের মৃত আলী হাওলাদারের ছেলে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৬ সালে মাজেদা বেগমের কন্যা মাহিনুর বেগমের সঙ্গে শহিদ হাওলাদারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মাহিনুরের ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন শহিদ। নির্যাতনের চরম পর্যায়ে ২০১৩ সালের ২২ অক্টোবর রাতে শহিদ তার স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে ফেলেন এবং একপর্যায়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুমূর্ষু অবস্থায় মাহিনুরকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের মা মাজেদা বেগম বাদী হয়ে আটজনকে অভিযুক্ত করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে ২০১৫ সালের ২৩ মার্চ জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই খলিলুর রহমান তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।







