মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বড় সিদ্ধান্ত নিল লেবানন সরকার। দেশটিতে হেজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে বিদ্যমান হেজবুল্লাহ ও রাষ্ট্রের সমান্তরাল ক্ষমতার প্রশ্নটি এখন নতুন করে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে সংগঠনটি রাজনৈতিক দল হিসেবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
সোমবার হেজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা চালানোর পরপরই এ সিদ্ধান্ত নেয় সরকার। লেবানন কর্তৃপক্ষের ভাষ্য, দেশের নীতি যেখানে যেকোনো ধরনের সংঘাত এড়িয়ে চলার পক্ষে, সেখানে সরকারের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই এ হামলা চালিয়েছে হেজবুল্লাহ, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়েছে।
দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়েই এই পদক্ষেপকে লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।
তবে বাস্তবে এই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়। কারণ সাম্প্রতিক সংঘাতের পরও হেজবুল্লাহ এখনো সশস্ত্র অবস্থায় রয়েছে।
এদিকে পরিস্থিতি আরও জটিল করে ইসরায়েলি বাহিনী লেবাননে হেজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে।
সূত্র: বিবিসি







