কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে। এর আগে কয়েক ঘণ্টা ধরে দেশটিতে দফায় দফায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে চলছিল।
বিস্ফোরণের পর কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দূতাবাসের আশপাশে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক সতর্কবার্তায় মার্কিন দূতাবাস জানিয়েছে, সবাইকে নিরাপদ স্থানে বা নিজ বাসার সবচেয়ে নিচতলায় কিংবা মাটির নিচের বাঙ্কারে আশ্রয় নিতে হবে। ঘরের ভেতরে থাকলে জানালার কাছ থেকে দূরে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভাব্য মিসাইল হামলার ঝুঁকির কারণে দূতাবাস এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।
অন্যদিকে আল-জাজিরা জানিয়েছে, কুয়েত সিটির কাছে অবস্থিত মিনা আল-আহমাদি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এসে পড়েছে। এতে দুজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।







