মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।
নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে এটি তার তেজগাঁও কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক দাফতরিক স্বাক্ষর ও কার্যক্রম। এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর নতুন সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড কার্যালয়ে পূর্ণোদ্যমে শুরু হলো।
প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশের সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানস্থলে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাঁদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলার মাধ্যমে প্রধানমন্ত্রী দপ্তরের কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেন। বিশেষভাবে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন।
দাফতরিক কার্যক্রম শুরু করার আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.) সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। প্রধানমন্ত্রী তার নতুন কর্মস্থলে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
স্মারক ডাকটিকিট উন্মোচনের পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাফতরিক কার্যক্রম শুরু করা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী এর মধ্য দিয়ে তেজগাঁও কার্যালয়ে নতুন প্রাণচাঞ্চল্য ফেরানোর প্রক্রিয়া সূচনা করেছেন বলে মনে করছেন কর্মকর্তারা।







