ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে সৃষ্ট অস্থিরতায় সৌদি আরবে আটকা পড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে তিনি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মুশফিক। ওমরাহ পালন শেষে দুবাই হয়ে ঢাকায় ফেরার পথে ফ্লাইট বাতিল হওয়ায় তিনি বিপাকে পড়েন। অন্যান্য যাত্রীর মতো তিনিও এখন জেদ্দা বিমানবন্দরে অপেক্ষায় আছেন।
মুশফিক তার পোস্টে লিখেছেন,'আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে ওমরাহ পালনের জন্য আমি মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার ওমরাহ শেষ হয়েছে এবং আজ দুবাই হয়ে (এমিরেটস এয়ারলাইন্স) বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা ইকে-০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে এসেছে।'
আরও তিনি লিখেছেন, 'আমি এখন হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে আছি। মহান আল্লাহই ভালো জানেন আমি এবং অন্যান্য বাংলাদেশিরা কখন ও কীভাবে ঢাকা পৌঁছাতে পারব। সবার কাছে দোয়াপ্রার্থী।'
শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলা শুরু করে, বিশেষ করে যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
বর্তমান যুদ্ধাবস্থার কারণে মধ্যপ্রাচ্যে বিমান চলাচলে চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।







