জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বিএনপি জামায়াতে ইসলামী-কে ডেপুটি স্পিকারের পদে নেওয়ার প্রস্তাব দিয়েছে। সোমবার (২ মার্চ) সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।” তিনি আরও জানান, সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদে নেওয়ার প্রস্তাব এসেছে বিএনপির পক্ষ থেকে।
তিনি আরও বলেন, “সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পারেন না। কেবলমাত্র সংসদ সদস্যরাই সংসদে অংশগ্রহণের অধিকার রাখেন।”
স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার নিয়ে চলমান রাজনৈতিক আলোচনাকে রাজনৈতিক অধিকার হিসেবে উল্লেখ করে বলেন, “কিন্তু কোনো অসাংবিধানিক বিষয় জাতীয় সংসদে উত্থাপন করা যাবে না।”
তিনি স্পষ্ট করে বলেন, “গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রক্রিয়া অবশ্যই জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে। তারপর সংবিধান সংশোধনী আনা হবে এবং সংশোধিত সংবিধানে পরিষদের গঠন, শপথ গ্রহণ ও কার্যক্রম সংক্রান্ত সব বিষয় চূড়ান্ত করা হবে।”







