আর্কাইভ
ads
logo

জন্মদিনে অসহায় শিশুদের সঙ্গে ইফতার করলেন সজল

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পি.এম
জন্মদিনে অসহায় শিশুদের সঙ্গে ইফতার করলেন সজল

ads

জন্মদিন মানেই তারকাদের জন্য আয়োজন-উৎসব। তবে এবারের বিশেষ দিনটি ভিন্নভাবে উদযাপন করছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নিজের আনন্দ ভাগ করে নিতে তিনি বেছে নিয়েছেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গ।

দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে সক্রিয় সজল অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে শক্ত অবস্থান তৈরি করেছেন। পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব সিরিজেও অভিনয়ের মাধ্যমে অর্জন করেছেন প্রশংসা ও ভালোবাসা। তার অভিনীত বহু নাটক দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। 

গত ২০ ফেব্রুয়ারি ছিলো এই দর্শকপ্রিয় অভিনেতার জন্মদিন । দিনটি নিয়ে সজল বলেন, ‘পবিত্র রমজানে প্রথমবার জন্মদিন পেয়েছি। আমার জন্য বিশাল পাওয়া। এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। কেননা, বেঁচে থাকলে জন্মদিনে রমজান পাব মাত্র কয়েকবছর।’

বিশেষ এই দিনে তিনি সময় কাটাবেন সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের সঙ্গে। এ প্রসঙ্গে সজল বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি আমার ভালোবাসা সবসময়ই কাজ করে। সেই ভালোবাসার কারণেই আজ ওদের সঙ্গে ইফতার করব। সুবিধাবঞ্চিত শিশু এবং তাদের পরিবারের সঙ্গে কিছু সময় কাটাব। এটি আমার জন্য অনেক আনন্দের। আমার জন্য অনেক ভালো লাগার। কেননা, ওদের সঙ্গে কিছু দারুণ মুহূর্ত কাটাতে পারব।’

তিনি আরও বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুরা আমাদেরই সমাজের মানুষ। তাদেরও চাওয়া আছে, স্বপ্ন আছে। তাদের সঙ্গে সময় কাটানো মানে আমার জন্য বড় কিছু। সারাজীবন স্মৃতি হয়ে থাকবে।’

এর আগেও একবার জন্মদিনে পথশিশুদের একটি স্কুলে গিয়ে উদযাপন করেছিলেন তিনি। সে অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, ‘আরেকবার আমার জন্মদিনে পথশিশুদের স্কুলে গিয়ে জন্মদিন উদযাপন করেছিলাম। ওটাও আমার জীবনে সুখের স্মৃতি হয়ে আছে। ওটা ভুলব না।’

জন্মদিনে ভক্তদের ভালোবাসা প্রসঙ্গে সজল বলেন, ‘জন্মদিনে অসংখ্য মানুষের ভালোবাসা পাওয়া যায়। নতুন করে তারা ভালোবাসার প্রকাশ ঘটান। এই বিষয়টি খুব ভালো লাগে।’ দর্শকদের উদ্দেশে তার আহ্বান, ‘দর্শকরা যেন আমার জন্য দোয়া করেন। তাদের ভালোবাসা ও আশীর্বাদ সবসময়ই পেয়ে আসছি। যতদিন বাঁচব তাদের ভালোবাসা পেতে চাই।’

জন্মদিনের প্রথম প্রহরে বাবা-মায়ের সঙ্গে কেক কেটে দিনটি শুরু করেন তিনি। এ বিষয়ে তার অনুভূতি, ‘বাবা-মায়ের সঙ্গে জন্মদিনে কেক কাটা সত্যিই অন্যরকম। তাদের জন্যই আমি। তারা অনেক বছর বেঁচে থাকুন।’

এদিকে সজল অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর একটি ‘দুর্বার’, যেখানে প্রথমবারের মতো তার জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। অন্য সিনেমাটির নাম ‘শাপলা শালুক’। জানা গেছে, দুটি ছবিই ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ