আর্কাইভ
ads
logo

ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচে হামজাকে চান কোচ হাভিয়ের

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পি.এম
ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচে হামজাকে চান কোচ হাভিয়ের

ads

হামজা চৌধুরীর চোটের খবরেই দুশ্চিন্তায় পড়ে যায় বাংলাদেশ শিবির।  লেস্টার সিটির এই মিডফিল্ডার এখন জাতীয় দলেরও অন্যতম ভরসা। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে চোটের কারণে মাঠের বাইরে তিনি। পুরোপুরি সেরে উঠতে সময় লাগতে পারে ৬ থেকে ৮ সপ্তাহ। তবু আশাবাদী বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা—সময়ের মধ্যেই দলে ফিরবেন হামজা।

আজ পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাবরেরা জানান, হামজা ও লেস্টার সিটির মেডিকেল টিমের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।

কোচের ভাষ্য অনুযায়ী, পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবেই এগোচ্ছে। মার্চের মাঝামাঝি সময়ে হামজার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের শেষ ম্যাচে তাঁকে দেখা যেতে পারে।

এর আগে ২৬ মার্চ ভিয়েতনামের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেও হামজাকে পাওয়ার আশা রাখছেন কোচ। শেষ পর্যন্ত দুই ম্যাচেই খেললে হামজার সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে কাবরেরা বলেন, ‘হামজাকে নিয়ে আমরা ইতিবাচক। আশা করি, ওর রিকভারি খুব ভালোভাবেই হবে।’

প্রবাসী আরেক ফুটবলার শমিত সোমের বিষয়েও সুখবর দিয়েছেন কোচ। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং শমিত জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। কাবরেরা চান, শমিত ঢাকাতেই প্রাথমিক ক্যাম্পে যোগ দিন।

বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ ১৪ মার্চ শেষ হওয়ার পর ১৬ মার্চের দিকে ঢাকায় জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প শুরু হওয়ার কথা। তিন থেকে চারটি অনুশীলন সেশন শেষে দল ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে।

বর্তমানে ভিয়েতনামের ফিফা র‍্যাঙ্কিং ১০৮, যা ম্যাচটিকে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জে পরিণত করছে বলে মনে করেন কাবরেরা। বছরের শেষদিকে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার প্রস্তাব তিনি দিয়েছিলেন, যা বাফুফে গ্রহণ করেছে।

নিজের চুক্তির ভবিষ্যৎ নিয়েও এখনই সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ স্প্যানিশ এই কোচ। তাঁর চুক্তির মেয়াদে এখনও দুই মাস বাকি। সিঙ্গাপুর ম্যাচের পর বাফুফে সভাপতির সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কাবরেরা বলেন, ‘সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত হয়নি। আমার মনে হয়, এ বিষয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। চুক্তির আরও দুই মাস বাকি আছে এবং আমার সামনে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ দুটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এরপর এ নিয়ে কথা বলব, তাড়াহুড়া করার প্রয়োজন নেই।’

বাংলাদেশে প্রায় সাড়ে চার বছর কাটিয়েছেন কাবরেরা। এই সময়ে দেশের সংস্কৃতি, বিশেষ করে রমজান ও উৎসবের আবহ তিনি উপভোগ করেন বলে জানান, ‘এখানে প্রায় সাড়ে চার বছর হলো আছি। এটা সব সময়ই আনন্দের। আমি এখানকার সংস্কৃতি সত্যিই উপভোগ করি। দল, খেলোয়াড় ও কোচদের সঙ্গে এই সময়গুলো উপভোগ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই সংস্কৃতির প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল এবং যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করি।’

এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকেও শুভকামনা জানিয়েছেন তিনি। কাবরেরার বিশ্বাস, লড়াকু মানসিকতা নিয়ে বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপে ভালো ফল করবে। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর শ্রদ্ধার কথাও তুলে ধরেন এই কোচ।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ