আর্কাইভ
ads
logo

আশঙ্কাজনক হারে বাড়ছে যক্ষ্মা সংক্রমণ, বিশেষ সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পি.এম
আশঙ্কাজনক হারে বাড়ছে যক্ষ্মা সংক্রমণ, বিশেষ সতর্কতা জারি

ads

অপ্রত্যাশিতভাবে যক্ষ্মা রোগীর সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে সতর্কবার্তা জারি করেছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এখনই প্রয়োজনীয় সাবধানতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

শনিবার সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম The Straits Times এক প্রতিবেদনে জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জনগণকে ভিড়পূর্ণ ও বদ্ধ স্থানে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রমজান মাসে বাজার, ইফতার মাহফিল ও বিভিন্ন সামাজিক আয়োজনে মানুষের সমাগম বেড়ে যাওয়ায় সংক্রমণের ঝুঁকি বিবেচনায় এই সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে চিকিৎসা না নেওয়া যক্ষ্মা রোগীর উপস্থিতিতে ভিড় ও আবদ্ধ পরিবেশে সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে বলে সতর্ক করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মাসের ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত এক সপ্তাহে সারা দেশে ৫৯৬ জন নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭১ জনে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জা বা কোভিড-১৯-এর মতো যক্ষ্মা দ্রুত ছড়িয়ে পড়ে না। তবে এটি তুলনামূলক ধীরগতিতে ছড়ালেও দীর্ঘস্থায়ী হয় এবং পুনরায় সংক্রমণের আশঙ্কা থাকে।

যক্ষ্মা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং আগাম ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। দ্রুত রোগ শনাক্তকরণ, কার্যকর চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে জোর দেওয়া হয়েছে।

জনসাধারণের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে—উপসর্গ দেখা দিলে বা ভিড়ে গেলে মাস্ক ব্যবহার করতে হবে, কাশি-হাঁচির শিষ্টাচার মানতে হবে, ঘরের ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে এবং দুই সপ্তাহের বেশি কাশি বা যক্ষ্মার উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ