কক্সবাজারে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিলেন নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে জয়ী এই বিএনপি নেতা চাঁদাবাজদের পুলিশে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'আমার নির্বাচনী এলাকায় কেউ চাঁদাবাজি করলে সাথে সাথে পুলিশকে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, সাহসিকতার জন্য পুরস্কার দেয়া হবে।'
বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক কাজল জানান, সংসদ সদস্য হিসেবে তাঁর অগ্রাধিকার হবে নিরাপদ, মানবিক ও অসাম্প্রদায়িক কক্সবাজার গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করা। একই সঙ্গে পর্যটন খাতের টেকসই বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত—মৎস্য ও লবণ শিল্পের সুরক্ষা ও সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের আধুনিক পর্যটন নগরীতে রূপান্তরের উদ্যোগ নেওয়ার আশাবাদও ব্যক্ত করেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ১৮২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী শহিদুল আলম বাহাদুরকে ২৮ হাজার ৪১৩ ভোটে পরাজিত করেন। ফলাফলে ধানের শীষ প্রতীকে দ্বিতীয়বারের মতো (প্রথমবার ২০০৮ সালে) বিজয়ী কাজল পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪০৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে কাজলসহ সারাদেশের বিজয়ী সংসদ সদস্যদের আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে।







