আগামী মে মাস থেকে দেশব্যাপী ৫ কোটি চারাগাছ রোপণের বিশাল এক কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তমন্ত্রণালয় সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল ও জলাশয় খনন বিষয়ক কর্মপরিকল্পনা নির্ধারণে এই সভার আয়োজন করা হয়।
মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতি বছর ৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি প্রয়োজনে বেসরকারি নার্সারিগুলো থেকেও চারা সংগ্রহ করা হবে। মূলত মে মাস থেকে শুরু হয়ে জুলাইয়ের মধ্যে এই রোপণ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যাতে বর্ষার মৌসুমে গাছগুলো টিকে থাকতে পারে।
বৃক্ষরোপণের স্থান নির্বাচন প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, আমরা পরিকল্পিতভাবে দেশের ৭ থেকে ৮টি নির্দিষ্ট অঞ্চলে এই কর্মসূচি পরিচালনা করব। এর মধ্যে রয়েছে চরাঞ্চল, নদীর উভয় তীরের বাঁধ, সড়কের দুই পাশ, পার্বত্য অঞ্চল এবং সুন্দরবন সংলগ্ন এলাকা। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, এ বছর কিছুটা সময় পার হয়ে গেলেও আগামী বছরগুলোতে লক্ষ্যমাত্রা বাড়িয়ে সমন্বয় করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় বছরে ৫ কোটিরও বেশি গাছ লাগানোর পরিকল্পনা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। একই সভায় নদী ও খাল পুনঃখননের মাধ্যমে দেশের জলাধারগুলোর নাব্যতা ফিরিয়ে আনার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।







