মহান শহীদ দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা–কর্মীর ফুল দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
ভিডিওতে দেখা যায়, ফুল হাতে চারজন শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ভাষাশহীদদের স্মরণে স্লোগান দিচ্ছেন। অভিযোগ উঠেছে, তারা নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সঙ্গে সম্পৃক্ত।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার ওই ভিডিও ও কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন সাবেক শিক্ষামন্ত্রী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেতা মহিবুল হাসান চৌধুরী। পোস্টে লেখা হয়—‘চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা।’
প্রায় ২২ সেকেন্ডের ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফেসবুক পোস্টেও শহীদ মিনারের সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি।
ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘ভাষাশহীদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘ইসলামিয়া কলেজ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়।







