আর্কাইভ
ads
logo

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এ.এম
এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি

ads

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’— এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি। বিকেল চারটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন উদ্‌যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি জানান, জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ফ্যাসিবাদবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শ্রমজীবীসহ নানা শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে সম্মিলিতভাবে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

ইফতার মাহফিলের পাশাপাশি অনুষ্ঠানে থাকবে চিত্রপ্রদর্শনী। গত এক বছরে দলের রাজনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরে ‘স্ট্রিট ওয়াল’ শিরোনামে একটি ধারাবাহিক প্রোমো প্রদর্শন করা হবে। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য থাকবে ফটো বুথের ব্যবস্থাও।

কেন্দ্রীয় আয়োজনের বাইরে বিভাগীয় পর্যায়েও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে দলের নেতাকর্মীদের পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। এছাড়া ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে পৃথক ইফতার মাহফিল আয়োজনের কথাও জানিয়েছে দলটি।

২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি এনসিপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দলটি সক্রিয় অবস্থান নিয়ে আসছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের সঙ্গে অংশ নিয়ে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দেয়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এক বছরের মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে দলটি।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ