আর্কাইভ
ads
logo

নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনায় জামায়াতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পি.এম
নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনায় জামায়াতের উদ্বেগ

ads

জুলাই গণহত্যার আসামিদের জামিন দেওয়া এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই অবস্থান প্রকাশ করেন।

তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছিল। সেই গণহত্যায় সরাসরি জড়িত নেতাদের একের পর এক জামিন দেয়া হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে গণতন্ত্র ধ্বংসকারী, আধিপত্যবাদী ও বহিঃশক্তির সেবাদাসদের জন্য আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খুলে দেওয়া হচ্ছে।”

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “দেশবাসীর আশঙ্কা এসব অফিসে বসে তারা পুনরায় দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। এ ধরনের পদক্ষেপ দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত। আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সক্রিয় ছিলেন। তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে। একই দিনে আওয়ামী লীগের সাবেক এমপি ও মাদক ব্যবসায় জড়িত আবদুর রহমান বদিকেও জামিন দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলায় পতিত ফ্যাসিবাদের দোসরদের ব্যাপক হারে জামিন প্রদান করা হচ্ছে, যা জাতির কাছে স্পষ্ট।”

জামিনপ্রাপ্তদের কর্মকাণ্ডের বিষয়ে তিনি সতর্ক করে বলেন, “অবিলম্বে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িতরা জামিনে মুক্ত হয়ে পুনরায় সহিংসতায় জড়িয়ে পড়তে পারেন, যার দায়ভার সরকারকেই বহন করতে হবে। জামিনে মুক্ত হয়ে লুটপাট ও সংঘবদ্ধ চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

ডা. মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, “শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারী কারাগারে ছিল। সে জামিনে মুক্ত হয়ে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আজও সম্পন্ন হয়নি। অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও সতর্ক করেছেন, “‘সুরক্ষা অধ্যাদেশ’ উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনার প্রেক্ষাপট ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। যারা ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তারা মনে রাখুক, এ ধরনের আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে কেউ রেহাই পাবে না।”

মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি জোর দাবি জানান, “আব্দুর রহমান বদি, সেলিনা হায়াৎ আইভীসহ জামিনপ্রাপ্ত নেতাদের জামিন বাতিল করে দ্রুত বিচারের আওতায় আনা হোক। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের খোলা কার্যালয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর গণপ্রতিরোধ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।”

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ