আর্কাইভ
ads
logo

পরাজয়ের পর ফেসবুক পোস্টে যা বললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ পি.এম
পরাজয়ের পর ফেসবুক পোস্টে যা বললেন তাসনিম জারা

ছবিঃ সংগৃহীত

ads

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নির্বাচনের ফলাফল মেনে নিয়ে এক দীর্ঘ ও আবেগঘন বার্তা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি পরাজিত হওয়ার গ্লানি ঝেড়ে ফেলে ভবিষ্যৎ রাজনীতিতে আরও সক্রিয় থাকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, মাত্র কয়েক সপ্তাহের প্রচারণায় কোনো প্রকার পেশিশক্তি বা বিদ্বেষ ছাড়াই ৪৪ হাজারেরও বেশি মানুষের সমর্থন পাওয়া এক বিশাল অর্জন।

তাসনিম জারা তাঁর বার্তায় বিজয়ী দল বিএনপিকে জাতীয়ভাবে এবং ঢাকা-৯ আসনে জয়লাভ করা হাবিবুর রশীদ হাবিবকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, ভোটের ফলাফল ঘোষণার পর তিনি ব্যক্তিগতভাবে ফোন করে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। ঢাকা-৯ আসনের জনগণের স্বার্থে কাজ করার ক্ষেত্রে গঠনমূলক সমর্থনের পাশাপাশি জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে সোচ্চার থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

এই নির্বাচনে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণকে বড় সাফল্য হিসেবে দেখছেন জারা। তিনি উল্লেখ করেন, নীতিনির্ধারণী পর্যায়ে নারীর উপস্থিতি আলোচনার গুণগত মান বদলে দেয়। তরুণীদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতার কেন্দ্রগুলোতেও তাঁদের জায়গা রয়েছে এবং এই প্রচারণার মাধ্যমে সাহসের যে বীজ বপন করা হয়েছে, তা আগামী প্রজন্মের নারী নেতৃত্বকে অনুপ্রাণিত করবে। নিজের একনিষ্ঠ স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে তিনি তাঁদের ‘নাগরিকত্বের উজ্জ্বল উদাহরণ’ হিসেবে অভিহিত করেন।

নির্বাচনের পর তাসনিম জারা যুক্তরাজ্যে ফিরে যাবেন—এমন জল্পনা নাকচ করে দিয়ে তিনি স্পষ্ট জানান, তাঁর শিকড় এবং কর্মক্ষেত্র বাংলাদেশেই। তিনি কোথাও যাচ্ছেন না। তিনি বলেন, “আমরা এক রাতের নির্বাচনের জন্য এই আন্দোলন শুরু করিনি; আমরা শুরু করেছি দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে। এটি আজীবনের কাজ।” নির্বাচনে প্রাপ্ত ৪৪ হাজার ভোটকে একটি শক্ত ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি আরও শক্তিশালী সংগঠন গড়ে তোলার ওপর জোর দেন।

জুলাই অভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণ করে তিনি বলেন, তাঁদের রক্ত ও ত্যাগের ফলেই আজ গণতন্ত্রের পথ তৈরি হয়েছে। একটি বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য তিনি অধ্যাপক ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান। পরিচ্ছন্ন প্রচারণার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াকেই তিনি বড় বিজয় হিসেবে মনে করেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ