আর্কাইভ
ads
logo

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ট্রাম্প, মার্কিন গণমাধ্যমের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পি.এম
জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ট্রাম্প, মার্কিন গণমাধ্যমের সতর্কতা

ছবিঃ সংগৃহীত

ads

মার্কিন কংগ্রেস-সংশ্লিষ্ট প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য হিল’ এক বিশ্লেষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয়, বরং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুতর হুমকি হিসেবে অভিহিত করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার নীতির প্রভাব মোকাবিলায় কংগ্রেসে কার্যকর রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং ক্ষমতার কাঠামোয় পরিবর্তন আনা জরুরি।

প্রকাশিত বিশ্লেষণে বলা হয়, ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপ সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অবকাঠামোকে দুর্বল করছে। সেখানে উল্লেখ করা হয়েছে, দেশের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট কিংবা এমনকি বিদেশি প্রতিপক্ষও নিরাপত্তা ব্যবস্থা, হুমকি শনাক্তকরণ এবং তা প্রতিরোধ ও মোকাবিলার সক্ষমতার ওপর এতটা নেতিবাচক প্রভাব ফেলেনি, যতটা ট্রাম্পের কর্মকাণ্ড ফেলেছে।

প্রতিবেদনের লেখকের মতে, তার নীতিগত অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো শক্তিধর প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর তুলনায় কৌশলগতভাবে দুর্বল অবস্থানে পড়েছে। একই সঙ্গে বৈশ্বিক অঙ্গনে ওয়াশিংটনের প্রভাব হ্রাস পাওয়ায় এসব দেশের নেতৃত্ব এতে সন্তোষ প্রকাশ করছে বলেও বিশ্লেষণে উল্লেখ করা হয়।

‘দ্য হিল’ আরও জানায়, জাতীয় নিরাপত্তা খাতে দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ জনবলকে ব্যাপক হারে সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা দপ্তর, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীর অপসারণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য ও দায়িত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত বহন করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিশ্লেষণে বলা হয়, অভিজ্ঞ পেশাদারদের পরিবর্তে ট্রাম্প-সমর্থক ও রাজনৈতিকভাবে অনুগত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে নিরাপত্তা সংস্থাগুলো বাস্তব নিরাপত্তা হুমকির পরিবর্তে রাজনৈতিক ও ব্যক্তিকেন্দ্রিক এজেন্ডায় বেশি মনোযোগী হয়ে পড়েছে। এতে যেমন সম্পদের অপচয় ঘটছে, তেমনি প্রকৃত ঝুঁকির প্রতি নজর কমে যাচ্ছে।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ট্রাম্পের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত অবস্থানকে দুর্বল করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মিত্র দেশগুলোর ওপর শুল্ক আরোপ, ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি এবং ইউক্রেনের প্রতি সমর্থন শিথিল করার মতো সিদ্ধান্তগুলো মিত্রদের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে বলে বিশ্লেষণে বলা হয়।

‘দ্য হিল’ লিখেছে, বর্তমান বিশ্ব বিচ্ছিন্নতার নয়; বরং পারস্পরিক নির্ভরতার। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী মিত্র জোট অপরিহার্য, কারণ এককভাবে কোনো রাষ্ট্র আজকের বৈশ্বিক বাস্তবতায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয়।

এ প্রেক্ষাপটে সমাধান হিসেবে কংগ্রেসে রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিবেদনে মত দেওয়া হয়, ডেমোক্র্যাটদের দৃঢ় উপস্থিতির মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ ও ভারসাম্য গড়ে তোলা সম্ভব। এতে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব যেন জাতীয় নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদি হুমকিতে পরিণত না হয়, তা নিশ্চিত করা যাবে বলে মনে করে ‘দ্য হিল’।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ