হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে একটি ছোট প্রশিক্ষণ বিমান। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, একক ইঞ্জিনবিশিষ্ট প্রশিক্ষণ বিমানটি বিমানবন্দরে ফিরে যাওয়ার মতো সক্ষমতা হারালে পাইলট বাধ্য হয়ে মহাসড়কেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের সময় বিমানটি একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুরো ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, দুর্ঘটনার সময় হকার বিচক্রাফট বিই-৩৬ মডেলের বিমানটি গেইনসভিলের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি আঞ্চলিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করছিল।
এনটিএসবির তথ্যমতে, স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলট ত্রুটি বুঝতে পেরে গেইনসভিল বিমানবন্দরে ফিরে যাওয়ার চেষ্টা করেন। তবে সেখানে পৌঁছানোর মতো পর্যাপ্ত শক্তি না থাকায় তিনি একটি সড়কে জোরপূর্বক অবতরণ করেন। এ সময় বিমানটি অন্তত তিনটি গাড়িকে ধাক্কা দেয়।
সংস্থাটি জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে নামার পর ছোট উড়োজাহাজটি একের পর এক গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন।
পুলিশ আরও জানায়, অবতরণের পর বিমানের ডান ডানা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় এবং সংঘর্ষের ফলে বিমানের জ্বালানি ট্যাংক আলগা হয়ে যায়।
দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের আশঙ্কা রয়েছে বলে বাসিন্দাদের সতর্ক করা হয়।







