আর্কাইভ
ads
logo

আইফোনকে টেক্কা দিতে নতুন ধরনের ফোল্ডিং ফোন আনছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশকাল: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এ.এম
আইফোনকে টেক্কা দিতে নতুন ধরনের ফোল্ডিং ফোন আনছে স্যামসাং

ছবিঃ সংগৃহীত

ads

স্মার্টফোনের বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবার অ্যাপলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ভাঁজযোগ্য বা ফোল্ডেবল ফোনের দুনিয়ায় জনপ্রিয় ‘গ্যালাক্সি জেড ফোল্ড’ ও ‘জেড ফ্লিপ’ সিরিজের পাশাপাশি সম্পূর্ণ নতুন আঙ্গিকের এক ডিভাইস আনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি, যার নাম দেওয়া হয়েছে ‘ওয়াইড ফোল্ড’ (Wide Fold)। মূলত অ্যাপলের আসন্ন প্রথম ফোল্ডেবল আইফোনকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলতেই স্যামসাংয়ের এই আগাম কৌশল।

প্রযুক্তি বিশ্বে কান পাতলে শোনা যাচ্ছে, ২০২৬ সালের শেষ নাগাদ এই ‘ওয়াইড ফোল্ড’ বাজারে আসতে পারে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ‘ইটি নিউজ’-এর তথ্যমতে, নতুন এই ফোনটি প্রচলিত জেড ফোল্ডের তুলনায় বেশ চওড়া হবে এবং এর ভেতরের ডিসপ্লেতে ব্যবহার করা হবে ৪:৩ অ্যাসপেক্ট রেশিও। উল্লেখ্য, অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল আইফোনেও একই ধরনের রেশিও ব্যবহার করতে পারে বলে গুঞ্জন রয়েছে। অ্যাপল বাজারে আসার আগেই সেই একই ঘরানার ফোন নিয়ে এসে বাজার নিজেদের দখলে রাখতে চায় স্যামসাং। পরিকল্পনা অনুযায়ী, আগামী গ্রীষ্মে গ্যালাক্সি জেড ফ্লিপ ৮ এবং জেড ফোল্ড ৮-এর সঙ্গেই এই ‘ওয়াইড ফোল্ড’ উন্মোচন করা হতে পারে।

এদিকে স্যামসাং তাদের প্রযুক্তির চরম উৎকর্ষ হিসেবে ‘গ্যালাক্সি জেড ট্রাই-ফোল্ড’ ফোনটি নিয়ে ইতিপূর্বেই হইচই ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রে গত ৩০ জানুয়ারি থেকে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক এই ফোনটি, যার শুরুর দাম ধরা হয়েছে ২,৮৯৯ ডলার। ১০ ইঞ্চির বিশাল ডিসপ্লে সমৃদ্ধ এই ডিভাইসটি বর্তমানে বিশ্বের অন্যতম দামি ফোল্ডেবল ফোন হিসেবে পরিচিতি পেয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, স্যামসাংয়ের এই ‘ওয়াইড ফোল্ড’ মূলত বর্তমানের জেড ফোল্ড এবং ট্রাই-ফোল্ডের মাঝামাঝি একটি সেগমেন্ট তৈরি করবে। সাধারণত অ্যাপল তাদের বার্ষিক ইভেন্ট সেপ্টেম্বরে আয়োজন করে থাকে, তাই জুলাই বা আগস্টের মধ্যে স্যামসাং তাদের নতুন এই উদ্ভাবন বাজারে আনলে অন্তত দুই মাস আগে থাকার বাড়তি সুবিধা পাবে তারা। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন স্যামসাং নাকি প্রথমবার ফোল্ডেবল ফোনে আসা অ্যাপল—শেষ পর্যন্ত গ্রাহক কার দিকে ঝুঁকবে, তা দেখতেই এখন উৎসুক হয়ে আছে টেক বিশ্ব।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ