রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে, এতে অন্তত চার ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) মস্কোতে নিযুক্ত ভারতীয় দূতাবাস এবং রুশ তদন্তকারীরা এই তথ্য নিশ্চিত করেছেন।
ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার উফা শহরে একটি দুর্ভাগ্যজনক হামলার ঘটনা ঘটেছে। এতে চার ভারতীয় শিক্ষার্থীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
রুশ তদন্তকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১৫ বছর বয়সী এক কিশোর ছুরি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। হামলা উফার একটি ছাত্রাবাসে ঘটে, যা মস্কো থেকে প্রায় ১,১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এতে কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্যও আহত হন।
তদন্ত কমিটি জানিয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তারা একজন শিক্ষার্থীর আচরণগত সমস্যার বিষয়ে জানলেও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।







