এক যাত্রীর করা মামলায় রাইডশেয়ারিং প্রতিষ্ঠান উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল জুরি। আইনি বিশ্লেষকদের মতে, এই রায় ভবিষ্যতে উবারের বিরুদ্ধে থাকা হাজারো মামলার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হয়ে উঠতে পারে।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, জেইলিন ডিন নামের এক নারী ২০২২ সালের নভেম্বরে উবারে যাত্রাকালে ড্রাইভারের হাতে ধর্ষণের শিকার হন। ঘটনার পর ২০২৩ সালে তিনি উবারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ডিনের আইনজীবীদের দাবি, উবার যাত্রীদের জন্য “নিরাপদ যাত্রা”র যে প্রতিশ্রুতি দেয়, বাস্তবে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এই ব্যর্থতার দায় প্রতিষ্ঠানটির ওপরই বর্তায়।
অ্যারিজোনার একটি ফেডারেল আদালতে মামলাটি বিচারাধীন ছিল। সেখানে জুরি রায়ে উল্লেখ করে, অভিযুক্ত চালক ঘটনার সময় উবারের হয়ে কাজ করছিলেন। সে কারণে তাকে উবারের “প্রতিনিধি” হিসেবে গণ্য করা হবে এবং ওই ঘটনার দায় কোম্পানির ওপর বর্তাবে।
তবে জুরি এই সিদ্ধান্তে পৌঁছায়নি যে উবার সরাসরি অবহেলা করেছে বা তাদের নিরাপত্তা ব্যবস্থার নকশায় ত্রুটি রয়েছে। ফলে শাস্তিমূলক অতিরিক্ত ক্ষতিপূরণ আরোপ করা হয়নি। তবুও ভুক্তভোগী ডিনকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ডিনের আইনজীবী র্যাচেল অ্যাব্রামস বলেন, “এটি শুরু মাত্র।” তার ভাষায়, এই রায় ভবিষ্যতের মামলাগুলোর জন্য বড় সংকেত। “এটি ছিল একটি পরীক্ষামূলক মামলা। একই ধরনের প্রায় ৩ হাজার মামলা এখনো ফেডারেল কোর্টে ঝুলে আছে। এই রায়ের ভিত্তিতে উভয় পক্ষই পরবর্তী কৌশল ঠিক করবে।”
উবার দীর্ঘদিন ধরেই এ ধরনের অভিযোগের মুখে রয়েছে। ২০১৮ সালে প্রকাশিত এক অনুসন্ধানে দেখা যায়, চার বছরে অন্তত ১০৩ জন উবার চালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল।
২০১৯ সালে উবার নিজেই একটি নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করে। সেখানে জানানো হয়, ২০১৭ ও ২০১৮ সালে মোট ৫,৯৮১টি যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ প্রতিবেদনে ২০২১ ও ২০২২ সালের তথ্য তুলে ধরা হয়, যেখানে ২,৭১৭টি যৌন নিপীড়ন বা অসদাচরণের অভিযোগ নথিভুক্ত হয়েছে। যদিও উবারের দাবি, তাদের ৯৯.৯ শতাংশের বেশি যাত্রা কোনো নিরাপত্তা সমস্যা ছাড়াই সম্পন্ন হয়।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা জোরদারে তারা একাধিক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে যাত্রার লাইভ লোকেশন শেয়ার, ড্রাইভারদের নিয়মিত ব্যাকগ্রাউন্ড যাচাই, রাইড চলাকালে অডিও রেকর্ডের সুবিধা এবং নারী যাত্রীদের জন্য নারী চালক বেছে নেওয়ার অপশন।
তারপরও সমালোচনা থেমে নেই। অনেকের মতে, প্ল্যাটফর্মভিত্তিক এই সেবায় ঝুঁকি পুরোপুরি দূর করা সম্ভব হয়নি। উবার জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। কোম্পানির এক মুখপাত্র বলেন, জুরি অবহেলার অভিযোগ গ্রহণ না করায় সেটিকে তারা নিজেদের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছে।
এদিকে ফেডারেল আদালতের বাইরে ক্যালিফোর্নিয়া রাজ্য আদালতেও উবারের বিরুদ্ধে প্রায় ৫০০টি আলাদা মামলা বিচারাধীন রয়েছে। সব মিলিয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আরও বড় অঙ্কের ক্ষতিপূরণের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







