আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি মিনিবাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাদাখশান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র জানান, বাদাখশানের একটি সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার সময় মিনিবাসটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার জন্য তিনি সড়কের ‘চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থাকে’ দায়ী করেন। নিহতদের মধ্যে ছয় শিশু, পাঁচ নারী ও চার পুরুষ রয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫ জনে।
দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানে সড়ক অবকাঠামোর বেহাল দশা, ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা এবং দুর্বল তদারকির ফলে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে। এর আগে গত বছরের আগস্টে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরানফেরত অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে ৭৮ জন নিহত হন। নিহতদের মধ্যে এক ডজনেরও বেশি ছিল শিশু।
কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই দুর্ঘটনায় বাসটি একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সেটিকে আফগানিস্তানের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়া একই মাসে রাজধানী কাবুলের কাছাকাছি একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে একটি বাস উল্টে গিয়ে আরও ২৫ জনের মৃত্যু হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।







