সুদানে সংঘাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টাই কাল হলো বহু পরিবারের। দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাস্তুচ্যুত পরিবার বহনকারী একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে, যাতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নবজাতকসহ মোট আটজন শিশু রয়েছে।
বিবৃতিতে জানানো হয়, উত্তর কোরদোফান প্রদেশের রাহাদ শহরের কাছাকাছি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গাড়িটিতে থাকা যাত্রীরা ডুবেইকার এলাকায় চলমান সংঘর্ষ এড়িয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছিলেন।
এর আগেও একই অঞ্চলে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার উত্তর কোরদোফানে ত্রাণবাহী বহর ও জ্বালানি ট্যাংকার লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় অন্তত একজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে উত্তর কোরদোফান রাজ্য সরকার জানিয়েছে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি ত্রাণবহরও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। একই সঙ্গে তারা আরএসএফের নেতৃত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
জানা গেছে, এসব হামলা এল-ওবেইদ শহর ও পার্শ্ববর্তী হোয়াইট নাইল রাজ্যের কোস্তি শহরকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সড়কে সংঘটিত হয়েছে, যা মানবিক সহায়তা পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানায়, ভোরে প্রথম হামলায় রাহাদ এলাকায় তিনটি ট্রাকে আঘাত হানা হয়। পরে এস সামিহের কাছে আল্লাহ কারিম এলাকায় দ্বিতীয় দফা হামলায় আরও চারটি যান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকও ছিল। এছাড়া উম রাওয়াবা এলাকায় একটি পরিবহন ট্রাক ও একটি জ্বালানি ট্যাংকার লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালানো হয়, এতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে।
সূত্র: আল-জাজিরা







