ভারতের মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলসে বৃহস্পতিবার কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। খনির ভিতরে আটকা পড়া শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের সময় খনির ভেতরে শ্রমিকরা কাজ করছিলেন এবং তাৎক্ষণিকভাবে তারা বাইরে বের হতে পারেননি। অভিযোগ আছে, এই খনিটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। উদ্ধার অভিযান চালাতে রাজ্য পুলিশের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও অংশ নিয়েছেন। পুলিশ সুপার বিকাশ কুমার জানান, বিস্ফোরণ ঘটে এমন স্থানটি প্রত্যন্ত ও দুর্গম এলাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহত শ্রমিকদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা অর্থসাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোকপ্রকাশ করেছেন।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা খনিটি পরিচালনা করছিলেন তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মেঘালয়ের উচ্চ আদালত। একই সঙ্গে আদালত নিজে থেকেই এই ঘটনায় মামলা দায়ের করবেন।







