নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও এটিকে বড় করে দেখছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বরং তিনি বর্তমান পরিস্থিতিতে দলের উন্নতির দিকেই মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন।
বিশ্বকাপ শুরুর আর কয়েকদিন বাকি। বিশ্বকাপে না খেললেও ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ও প্রতিযোগিতামূলক পরিবেশে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে ‘অদম্য টি-টোয়েন্টি কাপ’। এই টুর্নামেন্টে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বকাপ খেলছি না। তবে আমি তেমন মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে সেটার জন্য হা-হুতাশ করে মরে যাব। কালকে বাঁচব না মরব, সেটা জানি না।”
তিনি আরও বলেন, “ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা না করে আমার বর্তমান অবস্থায় যেন সবচেয়ে ভালো করতে পারি এবং খেলাটা যেন উন্নতি করতে পারি—সেই চেষ্টাই করছি।”
বিশ্বকাপে না খেলা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার প্রবণতার সমালোচনা করে সালাউদ্দিন বলেন, “দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়েই আসলে সমস্যা। কাল যে বাঁচবেন, তেমন নিশ্চয়তা দিতে পারবেন? আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন?”
এ সময় তিনি ‘অদম্য টি-টোয়েন্টি কাপ’কে গুরুত্ব দিয়ে বলেন, “বাংলাদেশের সেরা ক্রিকেটাররা এখানে খেলছে। এটার অনেক গুরুত্ব আছে। আমরা সেভাবেই দেখছি।”
মূলত আইপিএলে চড়া দামে বিক্রি হওয়ার পর মোস্তাফিজুর রহমানকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আপত্তি জানায় বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের মতো বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানালেও আইসিসি সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলে সালাউদ্দিন বলেন, “প্রশ্নটা আমি নিজেই মোস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম—‘তুমি আসলে কী অনুভব করছো?’ সে বলেছিল, ‘যেটা চলে যাওয়ার তা চলে গেছে।’”
তিনি আরও বলেন, “সবাই তো মোস্তাফিজের মতো হতে পারবে না। তবে এমনটা হলে সেই ক্রিকেটারদের জন্য ভালো হবে। কারণ, যে জিনিস আমি নিয়ন্ত্রণ করতে পারব না, সেটা নিয়ন্ত্রণ করতে যাব না।”







