হাড়কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া। টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে এই এলাকায়, আজ রোববার তা নেমে এসেছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল শনিবার এ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, সাম্প্রতিক কয়েক দিনে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। গত ৮ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ৯ জানুয়ারি তা নেমে আসে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে এবং ১০ জানুয়ারি রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই এলাকায় শীতের দাপট বেড়ে যায়। রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ, সঙ্গে থাকে কুয়াশার তীব্রতা। গত কয়েক দিন ধরে দুপুরের পর সূর্যের দেখা মিললেও সকালজুড়ে কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “আজ রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা করছে।”
তিনি আরও জানান, রাতের বেলায় তুষারসহ কুয়াশায় পুরো এলাকা ঢেকে যাচ্ছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া সংশ্লিষ্টরা।







