সুন্দরবন দিবস উপলক্ষে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সংরক্ষণে ‘সুন্দরবন সামিট-২০২৬’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত খুলনা ও সুন্দরবন অঞ্চলে তিন দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হবে।
পরিবেশ ও গবেষণা সংস্থাগুলোর সমন্বয়ে আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য সুন্দরবন এবং এর ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় নীতি সংলাপ জোরদার করা, উদ্ভাবনী ধারণা তুলে ধরা, তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং কমিউনিটি ভিত্তিক সংরক্ষণ কার্যক্রম শক্তিশালী করা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগকে গতিশীল করতে এই সামিট একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এ আয়োজনের নেতৃত্ব দিচ্ছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, স্বপ্নপুরী কল্যাণ সংস্থা এবং ওয়াটারকিপারস বাংলাদেশ।
সামিটে নীতিনির্ধারক, গবেষক, তরুণ পরিবেশকর্মী, পরিবেশ বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
মিশন গ্রিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, “সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ এবং এটি প্রতিনিয়ত বাংলাদেশকে রক্ষা করছে। আমাদের নিজেদের বাঁচাতে হলে সুন্দরবনকে রক্ষা করতে হবে।”
এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের ডেপুটি ডিরেক্টর রাউফা খানম এবং স্বপ্নপুরী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ হাসান উপস্থিত ছিলেন।
আয়োজকরা অংশীদার প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষক, গণমাধ্যম এবং আন্তর্জাতিক অংশীজনদের এই উদ্যোগে সম্পৃক্ত হয়ে সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সূত্র: বাসস







