আর্কাইভ
ads
logo

স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি সম্পর্ক, পুনরায় শুরু ভিসা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পি.এম
স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি সম্পর্ক, পুনরায় শুরু ভিসা কার্যক্রম

ads

প্রায় দুই মাস বন্ধ থাকার পর ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ভিসা কার্যক্রম পুনরায় চালু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের বাংলাদেশি ভিসা প্রদান শুরু করা হয়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র তিন দিনের মধ্যেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক এই অগ্রগতি দেখা গেল।

বাংলাদেশ হাই কমিশনের বরাতে বলা হয়, শুক্রবার সকাল থেকেই ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা পুনরায় চালু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাংলাদেশি নাগরিকদের জন্যও খুব শিগগির সব ধরনের ভিসা কার্যক্রম চালু করা হবে।

গত ডিসেম্বর মাসে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়। ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর প্রকাশের পর ঢাকায় দুটি পত্রিকা কার্যালয় ও ছায়ানট ভবনে হামলার ঘটনা ঘটে।

একই রাতে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং মিশনের দিকে ঢিল ছোড়ার ঘটনাও ঘটে। এর পরিপ্রেক্ষিতে ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এর কার্যক্রম স্থগিত করা হয়।

পরদিন পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও আগরতলা মিশনে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমতে শুরু করে। পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পরে চূড়ান্ত ফল প্রকাশের পর বিকেলে তার সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই আলাপচারিতায় অভিনন্দনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে মোদীকে আমন্ত্রণ জানানো হলেও ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশগ্রহণের কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। তার পরিবর্তে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

এদিকে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সিলেটে ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানান, খুব শিগগিরই ভারতীয় ভিসা প্রক্রিয়াও ‘স্বাভাবিক পর্যায়ে’ ফিরে আসবে।

তার এই ঘোষণার একদিন পরই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ভিসা ও কনস্যুলার সেবা পুনরায় চালু হলো।



ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ