প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) তার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
দাপ্তরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। মোনাজাত শেষে তিনি নির্ধারিত দাপ্তরিক সভায় যোগ দেন।
এদিন সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনতে প্রধানমন্ত্রী অফিস করার সিদ্ধান্ত নেন। কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। অনেককে নাম ধরে ডেকে কাছে টেনেই কুশল বিনিময় করার মুহূর্তে উপস্থিত দীর্ঘদিনের কর্মীরা আবেগাপ্লুত হন।







