রাষ্ট্রীয় ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের ঋণ আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কমিশনের নিয়মিত সভায় এই মামলার অনুমোদন দেওয়া হয়। পরে এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার ও পরস্পর যোগসাজশের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে জনতা ব্যাংকের ঢাকাস্থ স্থানীয় শাখা থেকে ‘কোজি অ্যাপারেলস লিমিটেড’ নামে একটি কথিত প্রতিষ্ঠানের অনুকূলে ১৩৬ কোটি ৬৭ লাখ টাকা ঋণ গ্রহণ করেন এবং তা আত্মসাৎ করেন।
দুদক জানায়, কোজি অ্যাপারেলস লিমিটেড একটি নবগঠিত প্রতিষ্ঠান হলেও এর পরিচালকদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। তবুও রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আওতায় প্রতিষ্ঠানটির নামে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন করানো হয়। পরে ব্যাংক ঋণপত্রের (এলসি) মাধ্যমে নিজেদের মধ্যে ভুয়া আমদানি-রপ্তানি দেখিয়ে অ্যাকমোডেশন বিল তৈরি করে ওই অর্থ আত্মসাৎ করা হয়।
এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭(৩) ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন—বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান, বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী ওরফে ও কে চৌধুরী, পরিচালক এ বি সিদ্দিকুর রহমান, মাসুদ ইকরামুল্লাহ খান, এইচ. শামসুদ্দোহা, কোজি অ্যাপারেলস লিমিটেডের এমডি মো. মাহফুজুর রহমান খান ও পরিচালক সৈয়দ তানবির এলাহী।
এছাড়া অভিযুক্ত তালিকায় রয়েছেন ক্রিসেন্ট এক্সেসরিজের এমডি আবু নাঈম মাহমুদ সালেহিন ও পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তানভীর, সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, সোহেল এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান এবং জনতা ব্যাংকের সাবেক সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুছ ছালাম আজাদসহ ব্যাংকের একাধিক সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা।
দুদক জানিয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই মামলাটি দায়ের করা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।







