আর্কাইভ
ads
logo

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পি.এম
রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

ads

চব্বিশ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একজনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৪ মার্চ ঘোষণা করা হবে। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আসামি পাঁচজন।



রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, “গত ৩ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপনার পর রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।”

মামলার পাঁচ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। শনিবার সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

চঞ্চলের আইনজীবী এরশাদুল হক বাবু বলেন, “আমরা যুক্তিতর্কে সব তথ্য-উপাত্ত তুলে ধরেছি। একইসঙ্গে চঞ্চলের খালাস প্রার্থনা করেছি। রায়ে তিনি সুবিচার পাবেন বলে আমরা আশা করছি। কোনো নিরপরাধ ব্যক্তি যেন দণ্ডিত না হয়—এটাই আমাদের প্রত্যাশা।”

পলাতক অন্য আসামিরা হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। এই চার পলাতক আসামির পক্ষে লড়ছেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন।

প্রসিকিউশন জানায়, ২৯ জানুয়ারি যুক্তি উপস্থাপন শেষে সাক্ষ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর জবানবন্দি দ্বারা পাঁচ আসামির সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। তারা আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দাবি করেছেন।

এর আগে, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-১ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। একই বছরের ৭ আগস্ট প্রসিকিউশন ফর্মাল চার্জ দাখিল করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের একটি নির্মাণাধীন ভবনে উঠেছিলেন আমির হোসেন নামের এক তরুণ, পুলিশ তার পিছু পিছু গিয়েছিল। এক পর্যায়ে ছাদের কার্নিশ ধরে ঝুলে থাকাকালে তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়, এতে তিনি গুরুতর আহত হন। একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন নাদিম ও মায়া ইসলাম।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ