ঢাকা মহানগর পুলিশের শীর্ষ পদে হঠাৎ পরিবর্তনের পর ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। নতুন কমিশনার যোগ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকারের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে একই দিনে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে পদত্যাগ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী এর আগে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি পদে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০১৬ সালের নভেম্বরে তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।







