আর্কাইভ
ads
logo

বরিশাল আদালতে হট্টগোলের জেরে আইনজীবী সমিতির সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পি.এম
বরিশাল আদালতে হট্টগোলের জেরে আইনজীবী সমিতির সভাপতি আটক

ads

বরিশাল আদালতে বিচার চলাকালে এজলাসে বিশৃঙ্খলার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে আদালতপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কার্যত স্থবির হয়ে পড়ে বিচারিক কার্যক্রম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতির কার্যালয় থেকে তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, বিচার চলাকালে এজলাসে প্রবেশ করে অশোভন আচরণ ও আসবাবপত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে।

গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। তারা সাদিকুর রহমান লিংকনের মুক্তির দাবি জানান। এর জেরে সকাল থেকেই আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

বরিশাল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, আদালতের কার্যক্রম শুরুর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতে প্রবেশ করেন। পরে আইনজীবী সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে সভাপতিকে আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদে আইনজীবীরা মিছিল ও আদালত বর্জন কর্মসূচি পালন করেন।

সকাল থেকেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মী ও বিএনপিপন্থি আইনজীবীরা আদালত বর্জন ও বিক্ষোভে অংশ নেন। এতে দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় সেনাবাহিনী, ডিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে আটক করা হয়েছে।

পরিস্থিতির প্রেক্ষাপটে বিচারকরা বিচারকার্য স্থগিত রাখেন। বর্তমানে পুরো আদালত এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে গ্রেপ্তারের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. শরীয়তুল্লাহ একাধিক মামলার আসামি তালুকদার মো. ইউনুস এবং বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মনিরুল ইসলাম ছবিকে জামিন দেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি একই আদালত সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুনকে জামিন প্রদান করেন। এরপর থেকেই আদালত চত্বরে ধারাবাহিকভাবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ