বরিশালের বানারীপাড়ায় পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তারিকুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত তারিকুল ইসলাম সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বানারীপাড়া থানা পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে গোপন খবরের ভিত্তিতে তারিকুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশ ঘর তল্লাশি করতে চাইলে তিনি নিজেই আলমারি থেকে একটি অবৈধ পাইপগান, ৮টি কার্তুজ, ২টি দেশীয় ছেনা এবং ১টি রামদা বের করে দেন। জিজ্ঞাসাবাদে অস্ত্র রাখার কারণ হিসেবে তিনি জানান, "আত্মরক্ষার জন্য অস্ত্রগুলো নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন তিনি।"
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান এ প্রসঙ্গে জানান, অবৈধ অস্ত্র বহন ও সংরক্ষণের অপরাধে তারিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।







