ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তদন্তে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেই চার্জশিট দাখিল করা হয়েছে। অভিযুক্ত ১৭ জনের মধ্যে বর্তমানে ১২ জন গ্রেপ্তার রয়েছেন, আর পাঁচজন পলাতক।
হাদি হত্যাকাণ্ডের পেছনের কারণ তুলে ধরে ডিবিপ্রধান বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংঘটিত হয়েছে। অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিও বার্তা প্রসঙ্গে তিনি বলেন, কেউ ভিডিও বার্তা দিতে পারেন, তবে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই যুবক শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। পরে ২০ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলায় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারা যুক্ত করার নির্দেশ দেন।







