জনপ্রিয় উপস্থাপিকা ও সফল কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী জীবনের এক নতুন বসন্তে পা রেখেছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে গত শনিবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের বেশ কিছু বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছেন এই পরিচিত মুখ। সনাতন ধর্মীয় আচার মেনে লাল বেনারসি, জমকালো অলঙ্কার আর নববধূর বেশে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশ্যে আসার পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা এই নতুন দম্পতিকে অভিনন্দন আর ভালোবাসায় সিক্ত করছেন। স্মিতা নিজে বিয়ের খবর নিশ্চিত করলেও তার জীবনসঙ্গীর নাম বা পরিচয় এখনও আড়ালে রেখেছেন। তবে বিয়ের খবর জানিয়ে দেওয়া তার একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাস নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।
নিজের অতীতের একটি প্রতিজ্ঞার কথা স্মরণ করে স্মিতা লিখেছেন, চট্টগ্রামের এক ছেলের কাছ থেকে পাওয়া কষ্টের কারণে তিনি আগে ঠিক করেছিলেন এই অঞ্চলের কাউকে আর বিয়ে করবেন না। কিন্তু বর্তমান জীবনসঙ্গীর অতুলনীয় যত্ন, ভালোবাসা আর অহংকারহীন ব্যক্তিত্ব তার সেই পুরোনো ক্ষত সারিয়ে দিয়েছে। তাই নিজের শেকড়ের প্রতি টানে এবং সঙ্গীর প্রতি গভীর শ্রদ্ধায় তিনি সেই পুরোনো জেদ ভেঙে চট্টগ্রামের ছেলেকেই জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছেন।
চট্টগ্রামের মেয়ে স্মিতা চৌধুরী মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। মেধাবী এই শিক্ষার্থী কলেজ জীবন থেকেই সাবলীল ও শুদ্ধ উচ্চারণে উপস্থাপনার মাধ্যমে সবার নজর কাড়েন। ২০১৭-১৮ সালের মধ্যেই চট্টগ্রামের শীর্ষ উপস্থাপিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। বর্তমানে তিনি শুধু উপস্থাপনাতেই সীমাবদ্ধ নেই; একজন সফল নারী উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও সমান জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লক্ষাধিক অনুসারী থাকা স্মিতার এই বর্ণিল পথচলা এখন দেশ পেরিয়ে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের কাছে প্রশংসিত।







