আর্কাইভ
ads
logo

‘একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পি.এম
‘একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা’

ads

আজ ২১ ফেব্রুয়ারি, রক্তস্নাত ঐতিহাসিক দিন—মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন বিলিয়ে দেওয়া সেই বীর সন্তানদের প্রতি বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছে।

এদিন ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী জয়া আহসান। শহীদ দিবস উপলক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যেখানে ৫২-এর ভাষা শহীদদের আত্মত্যাগ এবং বাংলা ভাষার প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা ফুটে উঠেছে।

জয়া লিখেছেন, “২১শে ফেব্রুয়ারি। এই দিনটা এলে ভোরের আলোটাও যেন একটু নরম হয়, বাতাসে ভেসে আসে অদ্ভুত এক শোক আর গর্বের মিশ্রণ। মনে হয়, মাটির গভীর থেকে কেউ ফিসফিস করে বলছে, ‘ভাষাকে ভালোবাসো।’”

তিনি আরও বলেছেন, “ভাষা শুধু উচ্চারণ নয়; ভাষা মানে মায়ের আঁচলের গন্ধ, শৈশবের প্রথম ছড়া, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। সেই ভাষাকে বাঁচিয়ে রাখতে ১৯৫২-এর তরুণেরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। গুলির শব্দের সামনে তারা ভয়কে ছোট করে দেখেছিল। কারণ তাদের কাছে বাংলা ছিল শ্বাসের মতো; থামানো যায় না, থামানো উচিতও নয়।”

জয়া পোস্টে বিশেষভাবে শহীদদের নাম উল্লেখ করেছেন—“সালাম, বরকত, রফিক, জব্বার; এই নামগুলো উচ্চারণ করলেই বুকের ভেতর কেমন হাহাকার জেগে ওঠে। তারা শুধু শহীদ নন; তারা আমাদের প্রতিটি ‘মা’ শব্দের ভেতরে লুকিয়ে থাকা সাহস।”

তিনি উল্লেখ করেছেন, “আজ আমরা সহজে বাংলায় লিখি, কথা বলি, মনের কথা প্রকাশ করি। অথচ এই সহজতার পেছনে কতটা রক্ত, কতটা অশ্রু, কতটা অসমাপ্ত স্বপ্ন লুকিয়ে আছে। একুশ মানে মাথা নত করে দাঁড়ানো। একুশ মানে ভেতর থেকে শক্ত হওয়া। একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা।”

শেষে জয়া লিখেছেন, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, তোমাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না; শুধু হৃদয়ে বহন করে যাব চিরকাল।”



ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ