ভারতীয় সংগীত জগতের শীর্ষ তারকা অরিজিৎ সিংয়ের গান থেকে অবসরের ঘোষণায় যখন কোটি ভক্ত স্তব্ধ, তখনই সামনে এল নতুন এক চমকপ্রদ তথ্য। গুঞ্জন উঠেছে, প্লেব্যাক বা সিনেমার গান থেকে চিরতরে বিদায় নিয়ে অরিজিৎ এবার রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন।
গায়কের ঘনিষ্ঠ মহল ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, অরিজিৎ সিং কেবল রাজনীতিতে সক্রিয়ই হবেন না, বরং তিনি নিজের একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। সিনেমার গান থেকে সরে আসার সিদ্ধান্তটি মূলত তার এই নতুন যাত্রাকেই প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, তিনি সরাসরি বড় পদ নয়, বরং তৃণমূল পর্যায়ে কাজের মাধ্যমে নিজের রাজনৈতিক ভিত গড়বেন এবং পরবর্তী সময়ে নির্বাচনে অংশ নেবেন। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। পুরো বিষয়টি নিয়ে খোদ অরিজিতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে প্লেব্যাক সিংগিং ছাড়ার ঘোষণা দেন এই কালজয়ী শিল্পী। অগণিত শ্রোতাকে গত এক দশকের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, সিনেমার গানের শিল্পী হিসেবে তিনি আর কোনো নতুন কাজ করবেন না। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে আসা এই শিল্পী ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’ কিংবা ‘কেশরিয়া’র মতো জনপ্রিয় সব গান দিয়ে জয় করেছেন মানুষের হৃদয়। প্লেব্যাক ছাড়লেও তিনি কি কেবল সংগীতের নিজস্ব প্রজেক্ট বা কনসার্টে ব্যস্ত থাকবেন, নাকি পুরোদস্তুর জনসেবায় নামবেন—তা নিয়ে ভক্তদের মধ্যে এখন কৌতূহলের শেষ নেই।







