আর্কাইভ
ads
logo

শিশুশিল্পী থেকে হলিউড আইকন: ১২০ মিলিয়ন ডলারের মালিক ক্রিশ্চিয়ান বেল

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পি.এম
শিশুশিল্পী থেকে হলিউড আইকন: ১২০ মিলিয়ন ডলারের মালিক ক্রিশ্চিয়ান বেল

ads

একসময় ছিলেন এক কিশোর অভিনেতা, আজ তিনি হলিউডের সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী তারকাদের একজন। বাণিজ্যিক সফলতা আর অভিনয় দক্ষতা—দুইয়ের মেলবন্ধনে নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন ক্রিশ্চিয়ান বেল। ক্রিস্টোফার নোলানের ‘ব্যাটম্যান’ ট্রিলজি তাঁকে বিশ্বজুড়ে পরিচিত করালেও, প্রকৃত সিনেমাপ্রেমীরা জানেন—চরিত্রের গভীরতা আর রূপান্তরের সাহসই বেলের আসল শক্তি। আজ ৩০ জানুয়ারি, এই বহুমাত্রিক অভিনেতার জন্মদিনে ফিরে দেখা তাঁর জীবন ও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো।

অভিনয়ে হাতেখড়ি

১৯৭৪ সালের ৩০ জানুয়ারি ওয়েলসে জন্মগ্রহণ করেন ক্রিশ্চিয়ান বেল। তাঁর বাবা ছিলেন পেশায় পাইলট এবং মা একজন নৃত্যশিল্পী। বেল নিজেই বিভিন্ন সময়ে বলেছেন, তাঁর জীবনদর্শন গঠনে বাবার প্রভাব ছিল সবচেয়ে গভীর।

শৈশবে পরিবারের সঙ্গে ঘন ঘন জায়গা বদল করতে হয়েছে তাঁকে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার এই অভিজ্ঞতা থেকেই অন্য মানুষের জায়গায় নিজেকে কল্পনা করার অভ্যাস তৈরি হয়—যা পরবর্তীতে অভিনয়ের বড় শক্তি হয়ে ওঠে। বাবার সৃজনশীল চিন্তাভাবনা এবং প্রচলিত ধারার বাইরে যাওয়ার মানসিকতাই তাঁকে এই পথে এগোতে অনুপ্রাণিত করেছে।

মাত্র ১২ বছর বয়সে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘এম্পায়ার অব দ্য সান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। শিশুশিল্পী হয়েও আবেগী অভিব্যক্তিতে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন বেল। এরপর ধীরে ধীরে বিভিন্ন ছোট ও মাঝারি চরিত্রে অভিনয় করলেও, ২০০০ সালে মুক্তি পাওয়া ‘আমেরিকান সাইকো’ তাঁকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যায়। প্যাট্রিক ব্যাটম্যান চরিত্রে তাঁর অভিনয় তখনই শিল্প-সমালোচকদের কাছে নতুন মানদণ্ড তৈরি করে।

সুপারহিরোর উত্থান

২০০৫ সালে ‘ব্যাটম্যান বিগিনস’ মুক্তির মাধ্যমে ক্রিশ্চিয়ান বেল পান এমন এক চরিত্র, যা তাঁকে বিশ্বব্যাপী তারকাখ্যাতি এনে দেয়। এরপর ‘দ্য ডার্ক নাইট’ এবং ‘দ্য ডার্ক নাইট রাইজেজ’—এই তিনটি সিনেমায় ব্রুস ওয়েইনের চরিত্রে অভিনয় করে তিনি সুপারহিরো সিনেমার ধারা নতুনভাবে সংজ্ঞায়িত করেন।

এই ব্যাটম্যান ট্রিলজি থেকেই বেল আয় করেন আনুমানিক ৫৪ মিলিয়ন ডলার। দীর্ঘ ক্যারিয়ার জুড়ে সিনেমা থেকে তাঁর মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ১২০ মিলিয়ন ডলার।

চরিত্রে নিজেকে ভাঙার সাহস

সুপারহিরো সিনেমার সাফল্যে আটকে থাকেননি ক্রিশ্চিয়ান বেল। বরং ‘দ্য ফাইটার’, ‘দ্য মেশিনিস্ট’, ‘আমেরিকান হাসল’, ‘দ্য বিগ শর্ট’ কিংবা ‘ফোর্ড ভার্সেস ফেরারি’র মতো ছবিতে বারবার নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। ‘দ্য ফাইটার’-এর জন্য জিতেছেন একটি অস্কার এবং দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার।

চরিত্রের প্রয়োজনে শারীরিক রূপান্তরে বেল বরাবরই ছিলেন সাহসী। ‘আমেরিকান হাসল’-এর জন্য প্রায় ২০০ পাউন্ড ওজন বাড়ানো কিংবা ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এ ভয়ংকর খলচরিত্রে হাজির হয়ে দর্শককে চমকে দেওয়া—সব ক্ষেত্রেই তিনি আলাদা নজর কাড়েন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত শারীরিক পরিবর্তনের চরিত্রে আগ্রহ কিছুটা কমেছে তাঁর।

আলো ঝলমল থেকে দূরে থাকা তারকা

হলিউডের বহু তারকার মতো পাদপ্রদীপের আলোয় থাকতে পছন্দ করেন না ক্রিশ্চিয়ান বেল। ব্যক্তিজীবনে তিনি বরাবরই নিরুত্তাপ ও সাধারণ থাকতে চান। কাজের বাইরে খুব কমই ক্যামেরার সামনে আসেন। সিনেমার প্রচার ছাড়া প্রকাশ্যে তাঁর উপস্থিতি বিরল।

নিজেকে কখনোই তিনি ‘বড় তারকা’ হিসেবে ভাবেন না বলে জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে। খ্যাতির কেন্দ্রবিন্দু হওয়া নয়, বরং চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলাই তাঁর কাছে মুখ্য।

পরিচালনায় অনাগ্রহ

অভিনয় দক্ষতার কারণে অনেকেই মনে করেন, পরিচালনায় নামলেও সফল হবেন বেল। তবে তিনি নিজেই সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তাঁর মতে, পরিচালনা মানে চূড়ান্ত দায়ভার নিজের কাঁধে নেওয়া, আর এত মানুষের কাছে জবাবদিহি করার জীবন তাঁর পছন্দ নয়।

শিশুশিল্পী থেকে শুরু করে বিশ্বসেরা অভিনেতাদের কাতারে নিজের জায়গা করে নেওয়া—ক্রিশ্চিয়ান বেলের এই যাত্রা কেবল তারকাখ্যাতির গল্প নয়, বরং নিষ্ঠা, ঝুঁকি নেওয়ার সাহস আর অভিনয়ের প্রতি নিখাদ ভালোবাসার এক অনন্য উদাহরণ।

দ্য টকস, ভোগ ও আইএমডিবি অবলম্বনে


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ