সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী জেফার রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন রাফসান সাবাব। জেফারের ছোট ছোট যত্ন যে তার কাছে কতটা তাৎপর্যপূর্ণ, তা স্পষ্ট উঠে আসে তার বক্তব্যে।
দীর্ঘদিনের গুঞ্জন আর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নানা প্রশ্ন ও কৌতূহলের পর এবার সেই সম্পর্কই বাস্তব রূপ নিল, শুরু হলো তাদের দাম্পত্য জীবন।
রাফসান বলেন, ‘সে যদি আমাকে এক গ্লাস পানিও ঢেলে খাওয়ায়, সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সিগনিফিকেন্ট। তার যখন ইচ্ছে হয়, সে তখন অনেকভাবেই তার ভালোবাসাটা প্রকাশ করে এবং সেটা আমি অনেকভাবেই বুঝতে পারি।’
স্ত্রীর পেশাগত জীবনের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘উনি একজন সংগীতশিল্পী এবং উনি যখন কাজ শুরু করেছেন, তারও অনেক পরে আমি আসলে কাজ করতে এসেছি। সো আমার জন্য তার প্রেজেন্সটা, আমার লাইফে তার এক্সিস্টেন্স।’
নতুন সংসার জীবনের প্রভাব পড়েছে রাফসানের কর্মজীবনেও। জেফারকে নিজের অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে উল্লেখ করে এই উপস্থাপক বলেন, ‘খুবই ভালো লাগছে। আমার এখন ইন্সপিরেশনের একটা সোর্স আছে আলাদা এবং আমি আমার ওয়াইফের কাছ থেকে অনেক কিছু শিখি, তার কাছ থেকে অনুপ্রেরণা পাই। সো এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি।’
উল্লেখ্য, জেফার রহমান দেশের প্রথম ইউটিউবভিত্তিক সংগীতশিল্পী হিসেবে পরিচিতি লাভের পর প্লেব্যাক জগতেও নিজের অবস্থান দৃঢ় করেছেন। অন্যদিকে, রাফসান সাবাব তার স্বতঃস্ফূর্ত ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেছেন। এই দুই তারকার একসঙ্গে নতুন পথচলা শুরু করায় তাদের ভক্ত ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে আসছে অভিনন্দনের বার্তা।







