ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের জনপ্রিয় নায়ক ও প্রখ্যাত নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ পরলোকগমন করেছেন। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উত্তরার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন গুণী এই শিল্পী। চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
জায়েদ খান তার শোকবার্তায় প্রয়াত অভিনেতার আত্মার মাগফিরাত কামনা করে লেখেন, আমাদের চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় মুখ জাভেদ ভাই আজ সকালে না ফেরার দেশে চলে গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ‘নিশান’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন। প্রিয় এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
চলচ্চিত্রের ইতিহাসে রাজা মোহাম্মদ ইলিয়াস হিসেবে পরিচিত এই শিল্পীর রুপালি পর্দায় অভিষেক ঘটে ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে। মূলত নৃত্য পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে নায়ক হিসেবে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। সত্তর ও আশির দশকে জাভেদ ছিলেন চলচ্চিত্রের অন্যতম অপরিহার্য নাম। নব্বই দশক পর্যন্ত অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন তিনি।
ক্যারিয়ারজুড়ে প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ইলিয়াস জাভেদ। যার মধ্যে শতাধিক ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। বিশেষ করে ‘নিশান’ চলচ্চিত্রে তার দুর্দান্ত অভিনয় আজও দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে। শুধু অভিনয় নয়, নৃত্য পরিচালক হিসেবেও তিনি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে একটি স্বর্ণযুগের অবসান ঘটল বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।







