চাহিদা ও জোগানের ভারসাম্য বদলাতে থাকায় বিশ্ববাজারে দুগ্ধজাতীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। গ্লোবাল ডেইরি ট্রেড (জিডিটি)-এর ফেব্রুয়ারির প্রথম নিলামের তথ্য অনুযায়ী, সর্বশেষ নিলামে দুগ্ধজাতীয় পণ্যের সামগ্রিক দাম বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।
এই নিলামে ১৭৫ জন ক্রেতা অংশ নেন এবং মোট ২৪ হাজার ৩৪ টন পণ্য কেনাবেচা হয়। এতে প্রতি টনের গড় মূল্য দাঁড়ায় ৩ হাজার ৮৩০ ডলার।
নিলামে নিউজিল্যান্ডের খামার মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার ননিফ্যাট মিল্ক পাউডারের দাম বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। ফলে প্রতি টনের গড় মূল্য উঠে এসেছে ৩ হাজার ৬১৪ ডলারে। অন্যদিকে ননিছাড়া গুঁড়া দুধের দাম আরও বেশি বেড়ে ১০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে টনপ্রতি গড় মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৪ ডলার।
জিডিটির মূল্যসূচকে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে মোজারেলার ক্ষেত্রে। এই পণ্যের দাম ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি টনের গড় মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৪ ডলারে। পাশাপাশি মাখনের দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে টনপ্রতি ৫ হাজার ৭৭৩ ডলারে পৌঁছেছে।
এছাড়া বাটার মিল্ক পাউডারের দাম ৬ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি টনের গড় মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৭ ডলার। অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দামও ৫ শতাংশ বেড়ে টনপ্রতি ৬ হাজার ৫২৪ ডলারে বিক্রি হয়েছে।
চেডার চিজের দাম বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ, যা প্রতি টনে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭২ ডলার। আর ল্যাক্টোজের দাম তুলনামূলক কম হারে ১ দশমিক ৫ শতাংশ বেড়ে টনপ্রতি বিক্রি হয়েছে ১ হাজার ৪১০ ডলারে।







