পবিত্র রমজান মাসে দেশের ব্যাংকগুলোতে অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই নতুন সময়সূচি ঘোষণা করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। ব্যাংকের অফিস সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে এই সময়েও ব্যাংকের লেনদেন চলমান রাখা যাবে।
ফলে দেশের সব তফসিলি ব্যাংক রমজান মাসে এই সময় অনুযায়ী খোলা থাকবে, যা গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমে সুবিধা দেবে।







