দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি ‘বিপিএম ৬’ (ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল) অনুযায়ী রিজার্ভের পরিমাণ কিছুটা ভিন্ন। আইএমএফ-এর এই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করলে বর্তমানে বাংলাদেশের নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে।
মূলত আমদানির দায় মেটানো এবং বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখার সক্ষমতা যাচাইয়ে আইএমএফ-এর এই ‘বিপিএম ৬’ পদ্ধতিকে সারাবিশ্বে অধিকতর গ্রহণযোগ্য ও স্বচ্ছ হিসেবে বিবেচনা করা হয়। রিজার্ভের এই বর্তমান অবস্থান দেশের অর্থনীতির বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।







