বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন রোধে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নিজস্ব কৌশলের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) একাধিক নিলামের মাধ্যমে ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০৬ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত প্রবাসী আয় ও রপ্তানি খাতকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, আজকের নিলামে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ডলারের পর্যাপ্ত জোগান নিশ্চিত করে মুদ্রার বিনিময় হার সহনীয় পর্যায়ে রাখাই এই ক্রয়ের মূল উদ্দেশ্য।
চলতি ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এখন পর্যন্ত মোট ৬১৭ মিলিয়ন মার্কিন ডলার বাজার থেকে সংগ্রহ করল বাংলাদেশ ব্যাংক। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সংগৃহীত ডলারের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫২ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং টাকার মান স্থিতিশীল করার এই ধারাবাহিক প্রক্রিয়া আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে বলে আভাস পাওয়া গেছে।







