শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু সংযোগ সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে অন্য একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই পরিবহন কর্মী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আকাশ সরদার (৩১) ও ইউনুস মোল্লা (৪০)। তারা দুজনেই গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং দুর্ঘটনার কবলে পড়া 'স্টার এক্সপ্রেস' বাসের যথাক্রমে হেলপার ও সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা 'খান পরিবহন'-এর একটি বাস যাত্রী তোলার জন্য এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ওই সময় একই দিক থেকে আসা দ্রুতগামী 'স্টার এক্সপ্রেস' বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাস দুটির পেছনের ও সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার আকাশ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুপারভাইজার ইউনুস মোল্লাসহ ১০ জনকে উদ্ধার করে স্থানীয়রা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক ইউনুসকেও মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।







