আর্কাইভ
ads
logo

বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ পি.এম
বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০

ছবিঃ সংগৃহীত

ads

বাগেরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গত দুই দিনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় অন্তত ৯০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে থেকেই বাগেরহাট সদর ও কচুয়াসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলোর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, যা ভোটের পর চরম সহিংসতায় রূপ নেয়। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৩০টি ছোট-বড় সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে সদর উপজেলার মান্দ্রা গ্রামে হামলা-পাল্টাপাল্টি হামলায় বিএনপি ও জামায়াত কর্মীদের অন্তত ১৪টি বসতবাড়ি এবং শরণখোলা ও মোরেলগঞ্জ এলাকায় আরও ৬টি বাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শুক্রবার ও শনিবার দুই দিনে মোট ৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ শনিবার দুপুরে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আরপাড়া গ্রামে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ বাধে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য পপলু সরদার, সাবেক ছাত্রদল নেতা সাগর ও জামায়াত কর্মী মুজাহিদসহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ভোটের রাতেও এই এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পারনওয়াপাড়া ও কচুয়া উপজেলার ছিটাবাড়ি এলাকায় স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম ও বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। এই ঘটনায় গুরুতর আহত ওসমান সরদার (৩০) নামের এক যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত ওসমান সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। পাঁচ বছর আগে বিয়ে করা ওসমানের চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত ইমরান সরদারের ভাষ্যমতে, শুক্রবার বিকেলে বিএনপি নেতা শহিদুলের নেতৃত্বে একদল সশস্ত্র লোক ঘোড়া প্রতীকের ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে হামলা চালায়। গ্রামবাসী তাদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ বেধে যায়, যাতে ওসমানসহ অনেকেই রক্তাক্ত হন। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন জানান, সংঘর্ষে আহত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এ নিয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ